মেয়ের বাড়িতে বেড়াতে এসে মায়ের আত্মহত্যা


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৯ মে ২০১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে জাহানার বেগম (৫০) নামে এক মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে উপজেলার বশির খানের বাড়িতে এ ঘটনাটি ঘটলে মঙ্গলবার দুপুরে পুলিশ তা নিশ্চিত করেন। পরে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত জাহানারা বেগম হবিগঞ্জ জেলার চুনারু ঘাট থানার গফরগাও এলাকার শাহনূর সিকদারের স্ত্রী বলে পুলিশ জানান।

নিহতের মেয়ে শিউলী আক্তারের স্বামী রুবেল জানান, তার শাশুড়ি জাহানারা বেগম তার বন্দর উপজেলার ভাড়াটিয়া বাড়িতে বেড়াতে আসেন।

তার শাশুড়ি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মরণব্যাধি এই রোগের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার রাতে ঘর থেকে বের হয়ে বাসার টয়লেটের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অজয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসে জাহানারা বেগমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আর এ ঘটনায় নিহতের মেয়ে শিউলি আক্তার বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।