আহসান উল্লাহ মাস্টারের শাহাদাৎ বার্ষিকীতে নানা কর্মসূচি
প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম শাহাদাৎ বার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের পূবাইলের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। এছাড়া মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। ২০০৫ সালের ১৬ এপ্রিল শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২ জনকে বেকসুর খালাস দেয়া হয়। প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির রায় ঘোষণা করা হয়। ৬ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। এর মধ্যে প্রধান আসামিসহ ১৬ জন বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন। বাকী ১০ জন আসামি ভারতসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছেন এবং দুইজন আসামি মারা গেছেন বলে মামলার বাদি মতিউর রহমান জানিয়েছেন। মামলাটি বর্তমানে সুপ্রীম কোর্টে চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল এমপি গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগসহ সকলকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎ বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ, ভাওয়াল আইডিয়াল একাডেমি ও ভাওয়াল শিশু-কিশোর ফোরামসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান, মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআই