ডিবি পরিচয়ে যুবককে তুলে নেয়ার অভিযোগ


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৮ মে ২০১৭

যশোরের শার্শায় হাতেম মোল্লা নামে এক যুবককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। গত ৯ দিনেও সন্ধান মেলেনি তার। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ওই যুবকের পরিবারের লোকজন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

তবে ডিবি পুলিশ বলছে, হাতেম নামে কাউকে তারা আটক করেনি।

নিখোঁজ হাতেম আলী শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে হাতেম আলীর স্ত্রী নাসিমা খাতুন বুলু জানান, গত ১০ মে গোগা বিলপাড়া গ্রামের জিল্লুর রহমান তাদের বাড়িতে যান। উঠানে দাঁড়িয়ে তার স্বামীর সঙ্গে কথা বলছিলেন। প্রায় চল্লিশ মিনিট পর দুটি মোটরসাইকেল যোগে পাঁচজন অপরিচিত লোক তাদের বাড়িতে হাজির হন। অপরিচিত লোকজন তার স্বামী হাতেম আলীকে মারপিট শুরু করেন। এ সময় তার ছেলে হায়দার আলী ঠেকাতে আসলে তাকেও মারপিট করা হয়।

নাসিমা খাতুন বুলু বলেন, আমি জিজ্ঞাসা করি আপনারা কারা। তখন তারা আমাকে বলতে থাকে চিনতে পারছিস নে, আমরা কারা? আমরা ডিবি। বলতে বলতে তারা মারপিটের মাত্রা বাড়িয়ে দিতে থাকে। আমার ছেলের বুকে একজন পিস্তল ঠেকিয়ে বলে হাত উঠিয়ে দাঁড়িয়ে থাক। এক পর্যায়ে কয়েকজন পিস্তল বের করে আমার স্বামীর হাতকড়া পরিয়ে গ্রামের অনেকের সামনে দিয়ে নিয়ে আসে। তারপর অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, ডিবি অফিসে গিয়েও আমরা সন্ধান করেছি। কিন্তু ডিবি অফিস থেকে জানানো হয়েছে তারা আটক করেনি।

নাসিমা খাতুন বুলু বলেন, তার স্বামী মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি তার স্বামীর সন্ধান দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ হাতেম আলীর ছোট ছেলে বুলবুল মোল্লা, শ্যালক সোনা সরদার, মিন্টু সরদার ও বেয়াই হাসান আলী।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক সাংবাদিকদের জানান, ডিবি পুলিশ হাতেম আলী নামে কাউকে আটক করেনি।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।