রূপগঞ্জে গুলিভর্তি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার মৃত পাশার ছেলে জাকির হোসেন ওরফে জাগু (৫২) ও বরুনা এলাকার ইয়ানুছ মিয়ার ছেলে তাইজুল ইসলাম (৩২)।
রূপগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, জাকির হোসেন ওরফে জাগু ও তাইজুল ইসলাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গুলিভর্তি পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল।
ওই সংবাদের ভিত্তিতে ভোরে বরুনা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন ওরফে জাগু ও তাইজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জাকির হোসেন ওরফে জাগুর কোমরে থাকা দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম