ফতুল্লায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে গার্মেন্টসকর্মী ছেলে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ ছেলে ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে।
রোববার বিকেলে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম হোসেন ইবু (৫০) ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
নিহতের মেয়ে লিজা আক্তার জানান, তার বাবা ইব্রাহীম হোসেন ইবু ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আর মা সংসারে অভাব অনটনের কারণে সৌদিআরব চলে যান। তারা চার ভাই দুই বোন। ভাই বোনের মধ্যে সবার বড় ফয়সাল আর তার ছোট লিজা। ফয়সাল স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে।
লিজা বলেন, বাবা নেশা করে বাসায় এসে ছোট ভাই বোনদের মারধর করেন। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করেন বাবা। রোববার বিকেলে ছোট ভাই বোনদের মারধর করলে আমি প্রতিবাদ করি। এতে আমাকে মারধর করেন বাবা। এ সময় বড় ভাই ফয়সাল বিষয়টি জানতে পেরে তার বাবার ওপর ক্ষিপ্ত হয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে ফয়সালকে বাবা মারধর করেন। ফয়সাল ক্ষিপ্ত হয়ে বাবার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে বাবা ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার পর পর ছেলে ফয়সালকে ছোরাসহ গ্রেফতার করা হয়।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম