স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর ২ বছর কারাদণ্ড


প্রকাশিত: ১১:৩২ এএম, ২২ মে ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর দায়ের করা যৌতুক মামলার রায়ে স্বামী টিপু সুলতানকে (২৫) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। তবে একই মামলায় গৃহবধূর শাশুড়ি মিনু বেগমের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত সাজাপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত টিপু সুলতান ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকার আলেক চান বেপারীর ছেলে এবং খালাস পেয়েছেন পিটু সুলতানের মা মিনু বেগম।

কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১২ সালের ১৯ জুন মুন্নি আক্তারকে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে টিপু সুলতান বিয়ে করেন।

বিয়ে পর তাদের একটি পুত্র সন্তান হয়। গত বছরের ২৩ মে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে মুন্নি আক্তারকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ অভিযোগ এনে ১৯ জুন আদালতে মামলা করেন মুন্নি আক্তার।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।