কেশবপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
যশোরের কেশবপুরে এক যুবতীকে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণের দায়ে শাহাজালাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
শাহাজালাল কেশবপুরের বরনডালি গ্রামের ওজিয়ার রহমান সরদারের ছেলে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি ইদ্রিস আলী।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি শাহাজালালের বরনডালি গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেম ছিল। ২০১০ সালের ১৯ মার্চ আসমি ওই যুবতীকে তার বোনের বাড়ি যশোর শহরের বেড়ানোর কথা বলে নিয়ে আসে।
এরপর তাকে বিয়ে করবে বলে অপরিচিত এক জায়গায় নিয়ে অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে একটি নীল কাগজে স্বাক্ষর করে নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায় শাহাজালাল।
এরপর দুইদিন বিভিন্ন আত্মীয়ের বাড়ি রেখে শাহাজালাল ওই যুবতীকে ধর্ষণ করে। এরপর বাড়িতে গিয়ে শাহাজালাল তাকে তার নিজ বাড়িতে চলে যেতে বলে।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাজালাল তাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চায়। এ সময় ওই যুবতীর চিৎকারে আশেপারের লোজন এগিয়ে আসলে ঘটনা তাদের জানায়। শাহাজালাল এ সময় পালিয়ে যায়।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ওই যুবতী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহাজালালকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাহাজালালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহাজালাল কারাগারে রয়েছেন।
মিলন রহমান/এএম/এমএস