দুধের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানকে হত্যা করলেন মা


প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ জুন ২০১৭

পারিবারিক কলহের জেরে দুধের সঙ্গে বিষ পান করিয়ে নিজের আট মাসের ছেলে সন্তানকে হত্যার অভিযোগে সামিয়া আক্তার বীথি (২০) নামে এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আদনান লাবিব ওরফে সাদ। সে শ্রীপুরের চকপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাত ১১টার দিকে মা সামিয়া আক্তার বীথি ফিডারে থাকা দুধের সঙ্গে বিষ মিশিয়ে আদনানকে পান করান। এতে আদনানের মৃত্যু হয়। খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার এবং বীথিকে আটক করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে নিহত শিশুর বাবা হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেছেন। বীথি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুধের সঙ্গে বিষ মিশিয়ে আদনানকে হত্যার কথা স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।