রাজশাহীতে কলেজছাত্র নিখোঁজ
রাজশাহীতে গত ছয়দিন ধরে রাজু আহমেদ বাবু (২৬) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছেন। বাবু ৭ মে রাত ৮টার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ বাবু রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নগরীর নওদাপাড়া এলাকার কাউছার আলীর ছেলে। নিখোঁজ বাবুর মা হাসনা হেনা নগরীর শাহমখদুম থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
এদিকে, গত কয়েকদিন ধরে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়ি ও সম্ভাব্য সব ঠিকানায় খোঁজ নিয়েও বাবুর সন্ধান না পেয়ে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা হাসনা হেনা। পরিবারের সবার দিন কাটছে এখন দুশ্চিন্তায়।
বাবুর চাচি ও রাসিকের প্রাক্তন কাউন্সিলর সুফিয়া ইসলাম জানান, নিখোঁজের পর থেকে বাবুর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বাবু পড়ালেখার পাশাপাশি বাড়িতে কবুতর পালন করতো। বাইরে খুব একটা যেতো না। কারো সঙ্গে তার কোনো শত্রুতাও নেই বলেও জানান তিনি।
নগরীর শাহমখদুম থানা পুলিশ জানায়, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। কেউ বাবুর খোঁজ পেলে তার মায়ের নম্বরে (০১৭১৪-৪৭৫৩৩৯) অথবা শাহমখদুম থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই