রসিকে উৎসে কর আদায় না করায় রাজস্ব হারাচ্ছে সরকার


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৩ মে ২০১৫

ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নকালে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক উৎসে কর আদায় করার নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। জনবল সংকটের অজুহাত দেখিয়ে উৎসে কর আদায় না করায় সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

কর কমিশনের দাবি, আয়কর অধ্যাদেশ অনুযায়ী লাইসেন্স নবায়নকালে সংশ্লিষ্ট পৌরসভা বা সিটি কর্পোরেশনকেই উৎসে কর আদায় করতে হবে। তবে এ নিয়ম মানতে নারাজ রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১২ সালের ২৮ জুন রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পর তৎকালীন প্রশাসক থাকাকালীন মাত্র দুই মাস উৎসে কর আদায় করলেও প্রায় ৩ বছর ধরে তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। রংপুর আয়কর অফিস থেকে নিয়মিত উৎসে কর আদায়ের তাগিদ দেয়া হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তা করছেন না।

রংপুর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, বর্তমান সিটি কর্পোরেশনের অধীন ছোট বড় মিলে নিবন্ধিত ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫ হাজার ৪৭১ টি। তবে ২০১৪-১৫ অর্থ বছরে চালু প্রতিষ্ঠান দেখানো হয়েছে ৮ হাজারের কিছু বেশি। এর মধ্যে ইটভাটা ১০ টি, কোল্ডস্টোরেজ ১০টি, ব্যাংক ৬৯টি, বীমা কোম্পানি ৬২ টি, এনজিও ১৪০ টি এবং পেট্রলপাম্প ২৪ টি অন্যতম।

সূত্র মতে, সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্সের নবায়ন ফি হচ্ছে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা। সে অনুযায়ী ৮ হাজার চালু প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ  নির্ধারিত উৎসে কর ৩০০ টাকা হারে আদায় না করায় সরকার বছরে ২৪ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্ছিত হচ্ছেন।

রংপুর কর কমিশন কার্যালয় সূত্র মতে, প্রতিটি ট্রেড লাইসেন্স নবায়নকালে সিটি কর্পোরেশন কর্তৃক উৎসে কর বাবদ ৩০০ টাকা হারে আদায় করে আয়কর অফিসের নির্ধারিত হিসাব শাখায় জমা দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না।

এ বিষয়ে উপ-কর কমিশনার নূর-ই-আলম জাগো নিউজকে বলেন, উৎসে কর আদায়ের বিষয়টি নিয়ে একাধিকবার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এমনকি মেয়রের সাথে এ নিয়ে বৈঠকও করা হয়েছে। তবুও উৎসে কর আদায়ে কোন অগ্রগতি হয়নি।

তিনি আরো বলেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৫২’র কে ধারায় স্পষ্ট বলা হয়েছে , ট্রেড লাইসেন্স নবায়নকালে ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন ৫০০ টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশন ৩০০ টাকা ও পৌরসভা ১০০ টাকা হারে উৎসে কর আদায় করবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, স্ব স্ব কর্তৃপক্ষ উৎসে কর আদায় করে আয়কর অফিসের নির্ধারিত হিসাব শাখায় জমা করবেন। এক্ষেত্রে নিয়ম মানা না হলে পরবর্তীতে তা পরিশোধে জরিমানাসহ আরও কঠোর বিধান রয়েছে বলেও জানান উপ-কর কমিশনার।

সিটি কর্পোরেশনের তৎকালীন প্রশাসক (২০১২) এবং বর্তমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ বলেন, তিনি প্রশাসক থাকাকালীন ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথমেই প্রয়োজনীয় কর আদায়ের পর লাইসেসন্স নবায়নের অনুমতি দিতেন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, আইনগতভাবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ওপর উৎসে কর আদায়ের নিয়ম থাকলে তা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে করা উচিত।

সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু বলেন, আমার লোকবল এত বেশি নেই যে উৎসে কর আদায় করে তা আয়কর অফিসের হিসাব শাখায় জমা দিয়ে আসবে। ট্রেড লাইসেন্স নবায়নকালে উৎসে কর নিতে চাইলে তা অবশ্যই আয়কর অফিসের লোকবল দিয়ে নিতে হবে।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।