শাহ আমানতে বিমান যোগাযোগ স্বাভাবিক


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৩ মে ২০১৫

চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই প্রশিক্ষক ও এক প্রশিক্ষণার্থী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন, স্কোয়াড্রন লিডার শাফায়েত, ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট ফেরদৌস ও পাইলট অফিসার মো. ফুয়াদ।  এদের মধ্যে শাফায়েত ও ফেরদৌস ছিলেন প্রশিক্ষক এবং ফুয়াদ ছিলেন প্রশিক্ষণার্থী। গুরুতর আহত স্কোয়াড্রন লিডার শাফায়েত ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট ফেরদৌসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বাকি একজনকে চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। এরপর দুপুর একটার দিকে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়।

বিমানবন্দরে উপস্থিত বিমানবাহিনীর কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টায় এমআইএ সেভেন্টিন ৪১০ নামে প্রশিক্ষণ হেলিকপ্টারটি বিমানবাহিনীর জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ৪০ মিনিট আকাশে ওড়ার পর পাইলট এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে কন্ট্র্রোল রুমে সংকেত পাঠায় পাইলট। হেলিকপ্টারটি রানওয়ের সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে। এসময় হেলিকপ্টারে আগুন ধরে যায়। পরে বিমানবাহিনীর অগ্নি নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ হারানোর সংকেত পাওয়া মাত্রই বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। দুপুর একটার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফ্লাইট কার্যক্রম।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।