গাজীপুরে রেললাইনের পাশে কলেজছাত্রের মরদেহ


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৫ জুন ২০১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দুপুরে ইজ্জতপুর এলাকার ১০৪নং রেল ব্রিজ সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে এবং মেলান্দহ সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

রেজাউলের চাচা মো. জিয়াউল হক জানান, রেজাউল করিম কয়েক দিন আগে গাজীপুরের টঙ্গী থানাধীন গাজীপুরা এলাকায় বড় ভাই আব্দুর রাজ্জাকের কাছে বেড়াতে যায়। পরে শনিবার দুপুর আড়াইটর দিকে তার মামাতো ভাই সোহেলের সঙ্গে বলে রেজাউল টঙ্গী রেল স্টেশন থেকে ৪টার দিকে কমিউটার ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তার  কোনো খোঁজ মিলেনি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ইজ্জতপুর এলাকায় ১০৪নং রেল ব্রিজ সংলগ্ন রেললাইনের পাশে রেজাউলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে দুপুরে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে জানা গেছে, রেজাউল করিম মেলান্দহ সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। কলেজের আইডিকার্ড ছাড়াও তার সঙ্গে ৩ জুনের কেনা টঙ্গী-দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের  একটি টিকিটও ছিল। ধারণা করা হচ্ছে, রেজাউল ট্রেন থেকে পড়ে মারা গেছে। তার মাথা ও ডান কাঁধে জখমের চিহ্ন রয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলাপুর রেলওয়ে থানা ও পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেলান্দহ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক প্রবীর মিত্র বলেন, মেলান্দ থানা পুলিশের কাছ থেকে গাজীপুরে রেজাউলের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। রেজাউল মেলান্দহ সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।