পরকীয়ায় বাধা দেয়ায় দুই সন্তানের মায়ের আত্মহত্যা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ জুন ২০১৭

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ায় বাধা দেয়ায় এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম শিরিন আক্তার (৩২)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের কালাচান মিয়ার স্ত্রী।

ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মনির ও স্থানীয়রা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামের কালাচান মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করেন। স্বামীর অনুপস্থিতিতে কালা চান মিয়ার স্ত্রী শিরিন আক্তার বরমী ইউনিয়নের বরামা গ্রামের সুর্য্যত আলীর ছেলে কমর উদ্দিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বিষয়টি পরিবারের সদস্যসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। স্ত্রীর পরকীয়ার খবর শুনে কিছুদিন আগে কালাচান বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে এবং শিরিন আক্তারকে বাধা দেয়। এতে স্বামীর ওপর ক্ষুব্ধ হয় দুই সন্তানের জননী শিরিন। এর জেরে সোমবার গলায় ফাঁস লাগিয়ে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন।

শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সোমবার বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরকীয়ায় বাধা দেয়ার কারণেই শিরিন আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।