গোদাগাড়ী থানার ওসির বদলি আদেশ প্রত্যাহার
রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদের বদলির আদেশ অবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে ওসি এস.এম আবু ফরহাদ নিজেই তার বদলি আদেশ প্রত্যাহারের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আবু ফরহাদ জানান, বদলি সংক্রান্ত একটি লিখিত চিঠি তিনি মঙ্গলবার সন্ধ্যায় পেয়েছেন। চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে গোদাগাড়ী থানার ওসি হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। এতে তার বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গোদাগাড়ী থানার বর্তমান ওসি এসএম আবু ফরহাদকে সরিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পরে বোয়ালিয়া থানা থেকে বদলিকৃত বিতর্কিত ওসি আলমগীরকে গোদাগাড়ীতে নেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর প্রেক্ষিতে ওসি ফরহাদের বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, বোয়ালিয়া মডেল থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে গত ৩০ এপ্রিল রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ জারি হয়।
শাহরিয়ার অনতু/এমএএস/আরআই