চট্টগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর মেম্বার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম এলাকার লোকজনের কাছে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। জাহাঙ্গীরের বিরুদ্ধে পটিয়া, কর্ণফুলীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। পণ্যবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজি, জমি দখল, কর্ণফুলী নদীপথে নৌকায় করে চোরাকারবারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জাহাঙ্গীর আলম জড়িত। এছাড়া এলাকায় সরকারি অফিসে ঠিকাদারি এবং ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে পণ্য সরবরাহের কাজও নিয়ন্ত্রণ করে জাহাঙ্গীর। আর অনুমতি ছাড়া কেউ সরকারি-বেসরকারি অফিসে কাজ করতে গেলে জাহাঙ্গীর তার ক্যাডারদের মাধ্যমে হুমকি দেয় বলেও জানায় পুলিশ।
পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.শাহীন জাগো নিউজকে জানান, গত ৩ মে শিকলবাহা ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পাথর সরবরাহ নিয়ে আওয়ামী লীগের দু`গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষের নেতৃত্ব দেন জাহাঙ্গীর আলম।
তিনি আরো জানান, তার অনুসারী ক্যাডাররা মূলত এ সংঘর্ষে মুখ্য ভূমিকা পালন করে। এ ঘটনায় দায়ের করা মামলায় বুধবার দুপুরে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের ঘটনায় তার অনুসারীরা বুধবার বিকেল ৪টার দিকে নগরীর মইজ্যারটেক এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে দেয়।
এআরএ/আরআই