চলন্ত বাসে গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টা : বাসচালক আটক


প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ মে ২০১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই এলাকায় চলন্ত বাসে এক গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করায় বাসসহ চালক নুরুউদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

এঘটনায় রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে গৃহপরিচারিকা হীরা (২৪)। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি ফজলুল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাস ‘এজি পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১১-৫৪৮৪) বিকেল ৫টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে হেলপার ও সুপারভাইজার বাসটি বিকল হয়ে গেছে জানায়। এসময় যাত্রীরা নেমে অন্য বাসে চলে যায়। একই বাসে বাড়ি ফিরছিল কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জের নিয়ামতপুরের মৃত দুলাল মিয়ার স্ত্রী গৃহপরিচারিকা হীরা। অন্য যাত্রীদের মতো সেও বাস থেকে নামতে চাইলে চালক ও হেলপার তাকে পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ডে পৌঁছে দেয়ার কথা বলে বাসেই বসতে বলে। বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি সদর উপজেলার চুরখাই পৌঁছলে সুপারভাইজার ও হেলপারসহ ৪/৫ জন বাসের দরজা-জানালা বন্ধ করে তাকে চলন্ত বাসেই ধর্ষণের চেষ্টা করে এবং নগদ সাড়ে ৫ হাজার টাকা, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে হীরা বাসের জানালা খুলে চলন্ত বাস থেকে লাফ দিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে তিন মোটরসাইকেল আরোহী বাসটির গতিরোধ করে চালককে আটক করে পুলিশে খবর দেয়। এসময় সুপারভাইজার ও হেলপারসহ সঙ্গীয়রা পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতয়ালি পুলিশ ঘটনাস্থল থেকে হীরাকে উদ্ধার করে এবং বাসসহ চালক নুরুউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। নুরুউদ্দিনের বাড়ী ফুলপুর উপজেলার নগুয়া গ্রামে।

আতাউল করিম খোকন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।