বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন ভট্টাচার্য্য আর নেই
দেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সংগঠক ও শিক্ষক তপন ভট্টাচার্য্য (৬২) আর নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ শহরের নওমহল এলাকার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে শহরের নওমহল বাসায় ভীড় জমান ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্খীরা। এদিকে তপন ভট্টাচার্য্যরে পরিবার ও নিকট আত্মীয়রা কলকাতায় বসবাস করায় মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
তপন ভট্টাচার্য্য ১৯৮৩ সালে ময়মনসিংহ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। তিনি রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি কর্ম ও অবসর জীবনে সক্রিয়ভাবে ছায়ানট ও মুক্ত বাতায়ন পাঠচক্রসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। দেশ বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আতাউল করিম খোকন/এসএস/আরআই