গোপালগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৬ মে ২০১৫

গোপালগঞ্জে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

এসময় জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এসদাদুল হক, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান সালেহ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের আঞ্চলিক পর্বে ২২টি হাইস্কুলের ১ হাজার ৫৬১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগীদের নিয়ে আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভা এবং শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরে স্টল থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর নেতৃত্বে দেশে আইসিটি ক্ষেত্রে ব্যপক উন্নতি সাধন হয়েছে। আমরা আইসিটির আরো উন্নয়ন ঘটিয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে চাই।

এস, এম, হুমায়ূন কবীর/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।