ব্লগার অনন্ত হত্যার তদন্তভার পাচ্ছে সিআইডি
মুক্তমনা ব্লগের সংগঠক, বিজ্ঞানমস্ক লেখক অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ১৪ দিন পর তদন্তভার অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে দেয়ার নিদের্শ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।
তিনি জানান, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডিতে দেয়ার জন্য সোমবার পুলিশ হেড কোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার তদন্ত কাজ সিআইডিতে হস্তান্তর করা হয়নি। মামলাটির নথিপত্র হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। তবে কখন হস্তান্তর করা হবে তাও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজার এলাকার নুরানী ১৩/১২ নম্বর নিজ বাসা থেকে ২০০ গজ দূরে চারজন মুখোশধারী দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে অনন্ত বিজয় দাশকে। ছাতকের জাউয়াবাজারস্থ পূবালী ব্যাংক শাখার উন্নয়ন কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বের হয়েছিলেন। কয়েকশ গজ যাওয়ার পর চারজন অজ্ঞাত ঘাতক তাকে পেছন থেকে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের পর প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারাদেশে।
কিন্তু হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও মহানগর পুলিশের তদন্তে কোনো অগ্রগতি হয়নি। কে বা কারা, কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিছুই বের করতে পারেনি পুলিশ। পুলিশের ব্যর্থতার কারণে অনন্ত হত্যা মামলার তদন্তভার সিআইডিতে হস্তান্তরের নিদের্শ দিয়েছে পুলিশ হেড কোর্য়াটার।
ছামির মাহমুদ/ এমএএস/পিআর