র‍্যাব পরিচয়ে অপহরণ করতে গিয়ে গাজীপুরে ৯ জন গ্রেফতার


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৬ মে ২০১৫

গাজীপুরে র‍্যাব পরিচয়ে বিদেশ ফেরত এক যুবক ও তার চাচাতো ভাইকে অপহরণের অভিযোগে ৯ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতারকৃতদের কয়েকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের কাছ থেকে ২ জন অপহৃত ভিকটিম, ৬টি মোবাইল সেট ও ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গাজীপুর মহানগরীর জয়দেবপুর থানা এলাকায় একটি অভিযান চালিয়ে নগরীর ভাওরাইদ দক্ষিণপাড়া প্রতিবন্ধী নগর সড়কের তিন মাথার মোড়ের উপর হতে উত্তরার আইইউবিএটি-এর ছাত্র কাপাসিয়া উপজেলার রাওনাটের শেখ শাহজাহানের ছেলে শেখ শাহিন (২৬), বরিশাল বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. তারিকুর রহমান (২২), আলফাডাঙ্গার আবুল বাশারের ছেলে মো. রকি ওরফে জীবন (২০), টাঙ্গাইল মধুপুরের বীরতারা গ্রামের মতিউর রহমানের ছেলে আবু তারেক (২৫), ময়মনসিংহের হালুয়া ঘাট থানার নাগরা বাজার এলাকার কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় রায় (২৩), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া পাগলা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. আল আমিন (২২), চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামামুশরীজ গ্রামের মো. হুমায়ুন কবীরের মেয়ে মোছা. সাবরিনা কবির ওরফে মৌমিতা (২০), শেখ ওলিদুল ইসলামের ছেলে শেখ সাকিব (২৩) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. কাইয়ুমকে (২৪) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ জন অপহৃত ভিকটিম, ৬টি মোবাইল সেট ও ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের মো. ফটিক মিয়ার ছেলে মো. শিমন মিয়া গত ৫ মে সিঙ্গাপুর হতে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর সিঙ্গাপুর হতে মো. সাব্বির নামে এক লোক বাংলাদেশে তার এক বন্ধু মো. শাহীনকে জানায় শিমন মিয়ার কাছে সে দুই লাখ টাকা পাবে। সে টাকা না দিয়ে বাংলাদেশে চলে আসে। এ জন্য তাকে মার দিতে হবে। ফোন পাওয়ার পর আসামি মো. শাহীন তার বান্ধবী সাবরিনা কবির ওরফে মৌমিতাকে দিয়ে বিদেশ ফেরত শিমন মিয়ার মোবাইলে ফোন করে তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শিমন মিয়ার সাথে দেখা করার জন্য গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন কৃষি গবেষণা ইনস্টিটিউট এর গেটের সামনে আসতে বলে। কথামতো শিমন মিয়া তার চাচাতো ভাই সাদ্দামকে নিয়ে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেখানে উপস্থিত হয়। এসময় ৮/৯ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দু’জনকে গাড়িতে তুলে নগরীর ভাওরাইদ বনের দিকে নিয়ে যায়। পথিমধ্যে অপহরণকারীরা অপহৃতদের কাছে থাকা টাকা, স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। অপহরণকারীরা নিজেদের র‍্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বলে চোখ বেঁধে বনের ভিতর নিয়ে যায়। সেখানে বনের ভিতর অপহৃতদের এলোপাতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে বলে ‘তোর বড় ভাই সিঙ্গাপুরে থাকে, তাকে ৫ লক্ষ টাকা নিয়ে আসতে বল না হলে তোর হাত-পা কেঁটে ফেলব’। এসময় পাশের আম বাগানে কর্মরত একজন নারী ঘটনাটি দেখে লোকজনকে অবহিত করে। স্থানীয় লোকজন পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পে খবর দিলে স্থানীয় লোকজনের সহযোগীতায় অপহরকারীদের গ্রেফতার করা হয়।

আমিনুল ইসলাম/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।