কুমিল্লায় ফল বিপর্যয়, চিঠি যাচ্ছে ২০১ প্রতিষ্ঠানে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৫ জুলাই ২০১৭
ফাইল ছবি

সদ্য প্রকাশিত কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ করেছে এমন ২০১টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে চিঠি দেয়ার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস ছালাম।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবছর কুমিল্লার বোর্ডের অধীন ৬ জেলার ৩৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৪৯ হাজার ৭০৪ জন। গড় পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ।

মঙ্গলবার বোর্ড কর্তৃপক্ষ ফলাফল পর্যালোচনায় ৪৯.৫২ শতাংশের নিচে ফেল করা ২০১টি প্রতিষ্ঠানকে চিহিৃত করেছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ এবং ভবিষ্যতে ফলাফল ভালো করতে প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে পরামর্শ চেয়ে ওই চিঠি দেয়া হচ্ছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

জেলাভিত্তিক ফলাফল খারাপ করা প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে, কুমিল্লায় ৮৯টি, বি-বাড়িয়া ২৩, লক্ষ্মীপুর ১৭, চাঁদপুর ২৬, ফেনীতে ২২ এবং নোয়াখালী জেলায় ২৪টি প্রতিষ্ঠান।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস ছালাম জানান, যেসব প্রতিষ্ঠান বোর্ডের গড় পাসের চেয়ে ফলাফল খারাপ করেছে তাদের চিঠি দিয়ে ফলাফল খারাপ করার কারণ এবং ভবিষ্যতে এ সমস্যা থেকে উত্তোরণের পরামর্শ চাওয়া হয়েছে।

তিনি বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ফলাফল খারাপ হওয়ার কারণ কিংবা ভালো ফলাফলের জন্য যেসব পরামর্শ আসবে বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ফেল করা ৫০.৪৮ শতাংশ পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র ইংরেজি বিষয়ে ৩৭.৯৪ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।