শনিবার কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা
`চেতনার জাগরণে বই` এই স্লোগানে, গানে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শনিবার বিকেলে উদ্বোধন হচ্ছে সপ্তাহব্যাপী কক্সবাজার জেলা বই মেলা। জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসন কক্সবাজার এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ব্যবস্থাপনায় মেলা চলবে ৫ জুন পর্যন্ত।
বই মেলার উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি। সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট তাপস রক্ষিত জানান, মেলায় বই বিক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় বই বিক্রয় ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও কবি, সাংবাদিকদের আড্ডার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরো জানান, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া শুক্রবারসহ ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বই মেলায় ঢাকার ৩৮টি এবং কক্সবাজারের ২টিসহ মোট ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় কক্সবাজারের সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অ্যাডভোকেট তাপস রক্ষিত ও মেলার পরিচালক শিহাব উদ্দিন ভূঁইয়া।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস