৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের উপর একটি সিমেন্ট বোঝাই লরি ফেঁসে রেল যোগাযোগ প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ ছিল। পরে লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর স্টেশনের উত্তরে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, শ্রীপুরের বরমীবাজার যাওয়ার পথে দুপুর ১২টার দিকে মাইজপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হবার সময় ওই লরিটি ফেঁসে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে রেকার দিয়ে লরি উদ্ধারের চেষ্টা করা হয়। এক পর্যায়ে লরি থেকে সিমেন্টের বস্তা নামিয়ে লরিটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সাড়ে ৫টার দিকে পুনরায় ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
সাতখামাইর স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, লরি ফেঁসে যাওয়ায় পর কাওরাইদ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস, ভাওয়াল গাজীপুর স্টেশনে ময়মনসিংহগামী ডেমু ট্রেন, গফরগাঁও স্টেশনে কমিউটার এক্সপ্রেস ট্রেন, সাতখামাইর স্টেশনে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, রাজেন্দ্রপুরে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই