সন্ত্রাসী মোকাবেলায় পুলিশকে মার্শাল আর্ট প্রশিক্ষণ
সাদা পোশাকে খালি হাতে সন্ত্রাসীদের মোকাবেলা করতে এবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বান্দ রোড ইনার স্টেডিয়ামে এ প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে নগরীর পুলিশ লাইন’স মাঠে বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। অতিথি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল।
মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর) মো. শোয়েব আহম্মদ জানান, সাদা পোশাকে খালি হাতে থাকা অবস্থায়ও যেন পুলিশ সদস্যরা নিজের এবং জনগনের বিপদে এগিয়ে যেতে পারে এটাই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর) মো. শোয়েব আহম্মদ, উপ পুলিশ কমিশনার (উত্তর) জিল্লুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/আরএস