অকৃতকার্যের সংবাদে তরুণীর আত্মহত্যা
কক্সবাজার সদরের ইসলামপুরে দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদ পেয়ে উম্মে হাবিবা রিফা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এসিএফ পাড়া গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। স্থানীয় ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় রিফা। শনিবার সন্ধ্যায় সবার অগোচরে নিজবাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মরদেহের সুরতহাল তৈরি করা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোর্শেদ জাগো নিউজকে জানান, শনিবার দাখিল, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি এ সংবাদ পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে সে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঈদগাঁওস্থ ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রশাসনিক অনুমতি নিয়ে মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন নিহতের বাবা।
এদিকে ঘটনার সংবাদে নিহতের সহপাঠি, শিক্ষক, এলাকাবাসী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস