গাসিক নিরাপত্তা কর্মীকে কোপানোর প্রতিবাদে কর্মবিরতি


প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩১ মে ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের এক নিরাপত্তা কর্মীকে মারধর ও কুপিয়ে জখমের প্রতিবাদে ওই সিটি কর্পোরেশনের ৩নং জোনের কর্মচারিরা কর্মবিরতি পালন করেছেন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মচারিরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

নিরাপত্তাকর্মীকে মারধর ও কুপিয়ে আহত করার ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারি হিসাব রক্ষক শাহ আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। আহত নিরাপত্তাকর্মী আব্দুল মতিনকে (৫২) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় এজাহার ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় জয় (২২) ও আনোয়ারসহ (২৯) অজ্ঞাত ৫-৭ জন যুবক সিটি কর্পোরেশন কম্পাউন্ড ক্যাম্পাসে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকেন। এসময় নিরাপত্তাকর্মী আ. মতিন তাদেরকে ক্যাম্পাস থেকে বাইরে যাওয়ার কথা বললে তার সঙ্গে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে মতিনকে মারধর ও চাপাতি দিয়ে হাতে, বুকে ও কাঁধে কুপিয়ে জখম করে পালিয়ে যান। আহত মতিনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মামলায় উল্লেখ করা হয়, উল্লেখিত যুবকরা সিটি কর্পোরেশনের অভ্যন্তরে রক্ষিত যানবাহন থেকে বিভিন্ন সময়ে যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল খুলে নিয়ে যেতেন। এ নিয়ে তাদের একাধিকবার নিষেধ করা হয়।

রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, নির্বাহী  প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত নিরাপত্তা কর্মী আ. মতিকে দেখতে হাসপাতালে যান।
                    
মো.আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।