চকরিয়ায় অপহৃত শিশু মেহেদি টেকনাফে উদ্ধার : আটক ৪
চকরিয়া হতে অপহৃত শিশু মেহেদি হাসানকে (৯) টেকনাফ থেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার ভোর রাতে চার অপহরণকারীসহ অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশন) আমিরুল্লা জানান, কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ পূর্বসাতঘরিয়া পাড়া নয়াবাজার এলাকায় অভিযান চালায়। এসময় গত ৩১ মে চকরিয়ার অঞ্জুককাটা থেকে অপহৃত শিশু মেহেদি হাসানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় চারজনকে আটক করে র্যাব।
আটকৃতরা হলেন- মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস (৩০), নুরুল আলম (৩০), মো. ওসমান ওরফে দইল্লা (৪০) ও মো. ওসমান (৩৫)।
তিনি আরো জানান, আটকৃতরা শিশু মেহেদি হাসানকে অপহরণ করে তার পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। ভিকটিমসহ আটককৃতদেরকে কক্সবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও র্যাব সূত্রে জানা গেছে।
এসএইচএস/আরআই