জয়পুরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মামা-ভাগ্নের মৃত্যু


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৩ জুন ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শেকটা-ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঁচবিবি উপজেলার শেকটা-ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে আনিছুর রহমান (৪৮) ও আনিছুর রহমানের ভাগ্নে একই উপজেলার ছেলবেল গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবলু রহমান (২৬)।

এলাকাবাসীরা জানায়, শেকটা-ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক রায়হানের বাড়ির পুরাতন সেফটিক ট্যাংকের পাশে নতুন একটি নির্মাণাধীন ট্যাংকের সাটারিং খোলার জন্য ওই দুই শ্রমিক ভিতরে নামলে বিষাক্ত গ্যাসে তারা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ডা. মাহবুবুল হক তাদের মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক ডা. মাহবুবুল হক জানান, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজদের কাছে হস্তাস্তর করা হয়েছে। পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।