বাসে পেট্রলবোমা হামলা : জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৬:২০ এএম, ০৪ জুন ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় মঙ্গলবার রাতে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌণে ১১ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই সাজেদুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলা আমীর সাতগাঁও গ্রামের সৈয়দুর রহমানের ছেলে মাও. আবুল বাসার (৬০), দেবিদ্বার উপজেলার বাগমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাও. রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মাও. মৃত. আব্দুল হক এর ছেলে মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আব্দুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫), চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমান এর ছেলে নয়ন (৩৫)।

এর আগে বুধবার রাতে চান্দিনা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রবীর কুমার রায় বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ২৫-ঘ ধারায় চান্দিনা উপজেলা জামায়াতের আমীর আবুল বাশারসহ ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
 
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গ্রেফতারকৃতরা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে।

মো. কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।