বরিশালে জাপার দু`পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচি
বরিশালে জাতীয় পার্টির (জাপা) দু`পক্ষের নেতারা পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণা করায় কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল এলাকায় পাল্টা-পাল্টি এ কর্মসূচি ঘোষণা করা হয়। উভয়পক্ষের দাবি, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তাদের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার দুপুরে জাপা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিটি কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন জানান, সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে মহানগর জাপার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। মহানগর জাপার সম্মেলন সফল করার জন্য ছয়টি উপ-কমিটি গঠন এবং নগরীতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলতাফ হোসেন ভাট্টি বলেন, দীর্ঘ ১০ বছর পর সোমবার মহানগর জাপার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষে কাউন্সিলরদের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
অন্যদিকে, জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল জানান, সোমবার অশ্বিনী কুমার হল চত্ত্বরে জাপার তৃণমূল নেতাকর্মীরা সমাবেশ করবে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কথিত সম্মেলনের নামে একটি গোষ্ঠী জাপাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাপার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ওই সমাবেশে প্রধান অতিথি করা হয়েছে। শুক্রবার থেকে সমাবেশের পক্ষে প্রচার-প্রচারণা শুরু হবে।
পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণায় কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি