বরিশালে ট্রাক চাপায় যুবক নিহত
প্রতীকী ছবি
বরিশাল সদর উপজেলা টুঙ্গিবাড়িয়া এলাকায় ট্রাক চাপায় সজল হাওলাদার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সজল নরকাঠী গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
মেট্রোপলিটান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে জানান, টুঙ্গিবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে লাহারহাট যাচ্ছিলেন সজল। বরিশাল-ভোলা মহাসড়কের নরকাঠী নিজ বাড়ি অতিক্রমকালে বিপরীতগামী রড ভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সজল নিহত হন।
পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করেছে। চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি।
সাইফ আমীন/এমজেড/এমএস