মসলার মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৪ মে ২০২৬

নোয়াখালীর মাইজদীতে তেল ও মসলার মূল্য তালিকা না থাকায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স জননী এন্টারপ্রাইজকে চার হাজার, মেসার্স সুজন স্টোরকে তিন হাজার এবং মেসার্স জাহান স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মসলাসহ নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাইয়ে এ অভিযান চালানো হয়। এতে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মূল্য নির্ধারণ, মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

পরে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যারা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এ কার্যক্রমে সহযোগিতা করেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।