বরিশালে ব্লাস্ট কার্যালয়ে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৫ জুন ২০১৫

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কার্যালয়ের ভেতরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসে থাকা ১৩`শ মামলার এবং ৪`শ শালিসের নথি, চারটি কম্পিউটার, প্রিন্টার, তিনটি ফ্যান, আইনের বইসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

বরিশাল ব্লাস্টের ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সাবিনা নাজনীন জানান, সরকারি ছুটির দিন হওয়ায় আজ অফিস বন্ধ ছিল। সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে অফিসে এসে দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অফিসে থাকা ১৩`শ মামলা এবং ৪`শ শালিসের নথি, চারটি কম্পিউটার, প্রিন্টার, তিনটি ফ্যান, আইনের বই, প্রশাসনিক এবং হিসাব সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পুড়ে গেছে। বন্ধ অফিসে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি তিনি।

 বরিশাল ব্লাস্টের স্টাফ আইনজীবী অ্যাডভোকেট শাহিদা তালুকদার জানান, ৯৪ সাল থেকে বরিশালে ব্লাস্টের কার্যক্রম শুরু হয়। আগুনে মামলা এবং শালিসের নথিগুলো পুড়ে যাওয়ায় আগামী দিনে কিভাবে সেসব মামলা পরিচালনা করবেন তা অনিশ্চিত হয়ে গেছে। বন্ধ অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 তবে আগুনের সূত্রপাত সম্পর্কে সু-নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন। এটা নাশকতা নয় বলে মনে করছেন তিনি। পুরানো ভবনের বৈদ্যুতিক ওয়ারিং দুর্বল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তদন্ত করে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।