চট্টগ্রাম বন্দরের ক্রেন অপারেটর নিখোঁজ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৫ জুন ২০১৫

চাকরিতে পুনর্বহালের দুই মাসের মাথায় নিখোঁজ হলেন চট্টগ্রাম বন্দরের ক্রেন অপারেটর আনোয়ার। তবে পরিবারের দাবি তাকে আপহরণ করা হয়েছে। দুই দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো উদ্ধার করা যায়নি তাকে। গত ২ জুন নগরীর আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টার থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আনোয়ারের ভাই মিজান জানান, গত বুধবার সকাল ১১টায় বন্দর কর্তৃপক্ষ থেকে ছুটি নিয়ে বন্দর এলাকার সোনালী ব্যাংক থেকে টাকা তুলে কেনাকাটা করতে আখতারুজ্জামান সেন্টারে যান আনোয়ার। সেখান খেকে দুই যুবক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার পর থেকে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে বন্দর ও ডাবলমুরিং থানায় পৃথক দুটি ডায়েরি করা হয়েছে।

মিজান বলেন, আনোয়ার বন্দর ইসলামি শ্রমিক সংঘের সদস্য। এ সংগঠনের কোন সদস্য শত্রুতা করে তাকে অপহরণ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে তারা। রাজনৈতিক শত্রুতার জের ধরে তাকে অপহরণ করা হতে পারে বলেও পরিবারের ধারণা।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ এস এম নুরুল আলম তালুকদার জানান, গত বুধবার আনোয়ার নিজ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। এ ব্যাপারে থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।

ডবলমুরিং থানার উপ-পরির্দশক মো. জহির বলেন, যেহেতু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আখতাররুজ্জামান সেন্টার থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে তাই মার্কেটটির ক্লোজ সার্কিট ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।