যশোরে জাতীয় নজরুল সম্মেলন শুরু
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরে তিন দিনব্যাপি জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল রওশন আলী মঞ্চে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর অ্যামিরিটাস রফিকুল ইসলাম। এর আগে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রতিদিন বিকেল ৬টায় একই মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
নজরুল ইন্সটিটিউটের আয়োজন ও যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক মঞ্জুরুল হক।
অপরদিকে, সকালে নজরুল ইন্সটিটিউটের উদ্যোগে যশোরে দু`দিনব্যাপী নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উদ্বোধন করেন জাতীয় নজরুল সম্মেলন যশোরের কর্মশালা উপ-পরিষদের আহ্বায়ক সদর উপজেলা ইউএনও কামরুল আরিফ।
বৃহস্পতিবার এ কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণ প্রদান করবেন দেশ বরেণ্য সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। যশোরে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী শিল্পী এ কর্মশালায় অংশ নেয়।
মিলন রহমান/এআরএ/আরআইপি