তরুণীকে ধর্ষণের পর হত্যা, সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৪২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর আইরিন আক্তার (১৮) নামে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সোয়া ৩টায় লাকসাম উপজেলার কোঁয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ওই তরুণীর বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত তরুণী উপজেলার বাকই ইউনিয়নের কোঁয়ার গ্রামের রুস্তম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, আইরিন আক্তার বরইগাঁ স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিল। তার পরিবার দরিদ্র হওয়ার কারণে সে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি।

গত ৩ দিন ধরে সে নিখোঁজ ছিল। তাকে দুর্বৃত্তরা ধর্ষণ শেষে হত্যা করে সেপটিক ট্যাংকে মরদেহটি গুম করে ছিল বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, তরুণীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে বলেও জানান তিনি।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।