আদালত থেকে পালাল গণধর্ষণ মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

কুমিল্লার নারী ও শিশু আদালতের বারান্দায় পুলিশের হাত থেকে রাকিবুল ইসলাম রাকিব (৩০) নামের গণধর্ষণ মামলার আসামি পালিয়ে গেছে।

বুধবার বিকালে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া রাকিব কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার একটি গণধর্ষণ মামলার আসামি রাকিব মামলার হাজিরা দিতে কুমিল্লার নারী ও শিশু আদালতে আসে।

হাজিরা শেষে সে নাক পরিষ্কারের কথা বলে বারান্দার এক পাশে এসে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কুমিল্লা নারী ও শিশু আদালতের এপিপি অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার গণধর্ষণ মামলার আসামি রাকিব আদালতে হাজিরা দিতে এসে পালিয়ে গেছে। বিষয়টি পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী বলেন, আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।