শার্শায় বজ্রপাতে গৃহবধূ নিহত
যশোরের শার্শায় বজ্রপাতে আনোয়ারা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার গোড়পাড়া ফকিরতলা ও গাতিপাড়া নামক স্থানে পৃথক এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা খাতুন উপজেলার গোড়পাড়া ফকিরতলা গ্রামের আবু তালেবের স্ত্রী।
আহতরা হলেন, গোড়পাড়া ফকিরতলা গ্রামের মফিজুর রহমানের স্ত্রী তাসলিমা খাতুন, ওহিদুর রহমানের স্ত্রী বিলকিস বেগমন এবং গাতিপাড়া গ্রামের আরো দুই জন। তাদের নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফুল ইসলাম বাটুল জানান, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে আনোয়ারা খাতুন বাড়ির সামনে থাকা ছাগল আনতে যান। এ সময় বজ্রপাতে আনোয়ারা নিহত হন। মারা যায় দুইটি ছাগল ও পাশে থাকা কয়েকটি রাজহাঁস। আর ঘটনাস্থলের একটু দুরে থাকা তাসলিমা ও বিলকিস আহত হয়।
অপরদিকে, একই সময় নিজামপুর ইউনিয়নের আরেকটি গ্রাম গাতিপাড়ায় বজ্রপাতের ঘটনায় ওই গ্রামের দুই মহিলা মারাত্মক আহত হয়েছে। তারা নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মিলন রহমান/এআরএ/আরআই