চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিস জব্দ
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে ২০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ খেজুর ও কিসমিস জব্দ করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদেও ভিত্তিতে নগরীর চৈতন্যগলির একটি কোল্ডস্টোরেজ থেকে এসব খেজুর ও কিসমিস জদ্ধ করা হয়।
রমজানে বাজারে বিক্রির জন্য এসব খেজুর আনা হয়েছে বলে জানায় পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত এ বিষয়ে বলেন, সর্বমোট ১৫ হাজার কার্টুন খাবার অনুপযোগী খেজুর ও কিসমিস জব্দ করা হয়েছে। প্রথমে চার হাজার কার্টুনের সন্ধান পেলেও পরে অভিযানে বাকিগুলো জব্দ করা হয় বলে জানান তিনি।
সূত্র জানায়, ইটিএসি নামে ওই কোল্ডস্টোরেজে রাখা ১৫ হাজার কার্টনের মধ্যে ১২ হাজার কার্টন খেজুর এবং তিন হাজার কার্টন কিসমিস রয়েছে। প্রতি কার্টনে ১০ কেজি করে কিসমিস অথবা খেজুর আছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম কোল্ডস্টোরেজটি সিলগালা করার নির্দেশ দেন। আশরাফুল আলম উপস্থিত সাংবাদিকদের জানান, রওনক জাহান নামে এক ব্যক্তি কোল্ড স্টোরেজের মালিক। তবে পণ্যের আমদানিকারক কে, সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছুই জানতে পারেননি।
তিনি বলেন, আপাতত কোল্ডস্টোরেজ সিলগালা করার নির্দেশ দিয়েছি। মালিক এবং আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএস/আরআই