জামালপুরে বিএনপি কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ মে ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে তিনদিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল।

জামালপুরে বিএনপি কার্যালয়ে আগুন

শনিবার সকালে সুলতান ভূঁইয়া নামে এক ব্যক্তি ওই বাজারের একটি ফার্মেসিতে ওষুধ নিতে এসে দেখেন অফিস ঘরের বাইরের তালা খোলা। সন্দেহ হলে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান অফিসের ভেতরে থাকা ব্যানার, ফেস্টুন ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পরবর্তীতে বিষয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ ও পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে দাবি করেন,‘নিশ্চিতভাবেই এ ঘটনা বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরেরা ঘটিয়েছে। আমরা দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দিচ্ছি বলেই তারা আজ পার্টি অফিসে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

জামালপুরে বিএনপি কার্যালয়ে আগুন

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু বলেন, রাতে কিছু দুর্বৃত্ত কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেন। ছবিগুলো পুড়িয়ে ফেলে। অফিসের বিভিন্ন জায়গায় তারা আগুন দিতে চেষ্টা করছে, পারেনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।