বরিশালে যুবলীগের হাতে বিসিসি কর্মকর্তা লাঞ্ছিত


প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৭ জুন ২০১৫

স্টল বরাদ্দ না পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) হাট-বাজার শাখার কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে মহানগর যুবলীগ নেতাকর্মীরা। এ সময় কর্মকর্তাদের লাঞ্ছিত এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়। পরে নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি শান্ত করে। বুধবার  দুপুর ১২টার দিকে বিসিসির হাট-বাজার শাখায় এ ঘটনা ঘটে।

নগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে ১৫/২০ জন নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত বলে বিসিসি’র  কর্মকর্তারা জানান।

হাট-বাজার শাখার পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, নগরীর বাংলাবাজার নির্মাণাধীন মার্কেটের সিড়ি সংলগ্ন একটি কক্ষের (স্টল) জন্য ২০১৩ সালে আবেদন করেন যুবলীগ নেতা রাজ্জাক। তৎকালীন মেয়র হিরণ ওই আবেদন গ্রহণ করে সংশিষ্ট দফতরে প্রেরণ করেন । তবে নানা জটিলতার কারনে তিনি স্টল বরাদ্দ পাননি।

পরে রাজ্জাক বর্তমান মেয়র আহসান হাবীব কামাল বরাবর নতুন করে আবেদন করেন। মেয়র কামালও এ আবেদন সংশিষ্ট দফতরে প্রেরণ করেন। এবারো স্টল বরাদ্ধ না পেয়ে রাজ্জাক ১৫/২০ জন নেতাকর্মী নিয়ে বিসিসি হাট-বাজার স্টল শাখায় যান। সেখানের কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাদের নগর ভবন থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, তিনি হাট-বাজার শাখার কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে অভিযোগ মৌখিকভাবে শুনেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।