২৫ দিন পর স্কুলছাত্রের শিয়ালে খাওয়া মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫দিন পর গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকা থেকে সাইদুর রহমান (১৩) এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহত সাইদুর রহমান কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় ধানসিড়ি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, সাইদুর গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের আগে এক যুবক সাইদুরকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়েছিল। নিখোঁজের ঘটনায় তার চাচাত ভাই আবু বকর সিদ্দিক জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে ওই যুবককে আটক করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী অপর দুই সহযোগীকে আটক করলে তারা স্বীকারোক্তি দেয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকালে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বেশির ভাগ অংশই শিয়ালে খেয়ে গেছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম/এফএ/আইআই