এনসিটি পরিচালনায় আবারো সাইফ পাওয়ারটেক


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৮ জুন ২০১৫

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় টেকনিক্যাল ও আর্থিক যাচাইয়ে সবাইকে হারিয়ে আবারো যোগ্য বিবেচিত হলো সাইফ পাওয়ারটেক। নিউমুরিং কন্টেইনার টার্মিনালের দুইটি জেটি পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেককে যোগ্য হিসেবে বিবেচনা করেছে দরপত্র মূল্যায়ন কমিটি।

সাইফ পাওয়ার টেক আগামী দুই বছর নিউমুরিং কন্টেনার টার্মিনালের দুইটি বার্থ পরিচালনার জন্য ৪৯ কোটি ৬৪ লাখ টাকা দর উল্লেখ করে দরপত্র দাখিল করে।

দরপত্রে সাইফ পাওয়ারটেকের সঙ্গে রয়েছে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মালিকানাধীন এমএইচ চৌধুরী শিপিং ও নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিমের মালিকানাধীন এ অ্যান্ড জে নামের দুইটি প্রতিষ্ঠান।

বন্দর সূত্র জানায়, এনসিটি’র পাঁচটি জেটির মধ্যে এক নম্বর জেটি বাদ দিয়ে বাকি চারটিতে বেসরকারি অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। এরমধ্যে ৪ এবং ৫ নম্বর জেটির জন্য দুই খাম বিশিষ্ট দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্তানুযায়ী নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ৪ ও ৫ নম্বর বার্থ সিটিএমএস প্রযুক্তিসহ পুরোপুরি পরিচালিত হবে।

দীর্ঘ আট বছর আগে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলেও অপারেটর নিয়োগে নানা জটিলতার কারণে দরপত্র আহ্বান করেও বৃহৎ এ টার্মিনালটি চালু করা যায়নি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচ জেটির এ টার্মিনালটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০০৭ সালের ডিসেম্বরে শেষ হয়। এতে চট্টগ্রাম বন্দরের খরচ হয় ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা।

এসকেডি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।