পাঁচবিবিতে সন্তানসহ ৩ জনকে খুন করলেন জামাই


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২০ জুন ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হিলি সীমান্ত সংলগ্ন ভীমপুর আদিবাসী পল্লীতে মেয়ের জামাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন শাশুড়ি, শ্যালিকা, ফুফা শ্বশুর ও তার ৬ বছরের শিশু সন্তান। এছাড়া গুরুতর  আহত হয়েছেন ঘাতক জামাইয়ের স্ত্রী শশীলা মার্ডি। এ ঘটনায় স্বামী ঘাতক সুমন হেমরনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনাট ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও  এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সুমনের স্ত্রী শশীলা মার্ডির সঙ্গে প্রতিবেশি এক যুবকের পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল। সুমন স্ত্রীর এ অনৈতিক সম্পর্কের বিষয়টি শ্বশুর-শাশুড়িকে একাধিকবার জানালে এতে তারা কোনো কর্ণপাত করেননি। গত রাতে সুমন শ্বশুর বাড়িতে এসে স্ত্রী আগের মতোই পরকীয়ায় জড়িত জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে স্ত্রী শশীলা মার্ডিকে (২৯) আঘাত করেন।

এতে স্ত্রী গুরুতর আহত হন। এর পরই একে একে নিজের শিশু সন্তান সানি (৭), শ্বাশুড়ি সন্ধ্যারানী মার্ডি (৪৯), শ্যালিকা তেরেজা মার্ডি (১৮) ও ফুফা শ্বশুর  মাইকেলকে (৫৩) কুপিয়ে ও গলাকেটে খুন করেন। পরে পুলিশ খবর পেয়ে এসে সুমনকে আটক করে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আহত স্ত্রী শশীলা মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।