প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা শিবিরকর্মী
মাগুরার মহম্মদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরকর্মীকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলাম সরদার দীর্ঘ দিন ধরে সৌদি আরবে রয়েছেন। এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে আগে একাধিকবার ইব্রাহিমের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।
গতকাল রাতে ইব্রাহিম প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে শফিকুলের ভাই ও ভাবি বিষয়টি টের পান। তারা গোপনে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখার পর সরাসরি সৌদি আরবে থাকা শফিকুলকে ভিডিও কল দিয়ে পুরো ঘটনা দেখান। এরপর আশপাশের লোকজনকে ডেকে এনে তাদের দুজনকে হাতেনাতে ধরে বেঁধে রাখা হয়। পরে পুলিশ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রবাসীর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামী দীর্ঘ দিন বিদেশে থাকার সুযোগে ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম সংগঠনের কোনো পদে না থাকলেও সে শিবিরের একজন কর্মী। সে আমাদের সংগঠনের কর্মী হলেও তার এই অনৈতিক কাজের দায় সংগঠন নেবে না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, আটক দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/এমএস