এখন সময় দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তনের: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৬ মে ২০২৬
শনিবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি। আবার ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তনের।

শনিবার (১৬ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিংবা অরাজকতার পরিবেশ তৈরি করতে চায়, আমরা কেউ বসে থাকবো না।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচি দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হয়েছে। বিএনপি যেসব কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচিই এ দেশের সাধারণ মানুষের জন্য। এ লক্ষ্যেই আমরা আন্দোলন করেছি। আন্দোলনে বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে- বলেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য রাজনীতিকে মানুষের কল্যাণমুখী হতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

এখন সময় দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তনের: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা যা কিছু বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। এখন সময় কাজ করার, দেশ গড়ার এবং মানুষের জীবনমান উন্নয়নের।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বিদেশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের শ্রম, দক্ষতা ও ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না। আমাদের দেশ আমাদেরই গড়তে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমশক্তিতে রূপান্তর করতে পারলেই মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, ২০২৬ সালের নির্বাচনে আমরা জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সরকারের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।