চট্টগ্রাম-দোহাজারী লাইনে ট্রেন চলবে ৩ দিন পর!
চট্টগ্রাম-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বোয়ালখালী বেঙ্গুরা এলাকায় সেতু ভেঙে তেলবাহী ট্রেনের ওয়াগন খালে পড়ে যায়। ডুবে যাওয়া ওয়াগন থেকে ফার্নেস অয়েল বের করতে না পারায় উদ্ধার কাজ চালাতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
ওই রুটে স্বাভাবিক ট্রেন চলাচল করতে আরো ৩ দিন সময় লাগতে পারে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মফিজুর রহমান। তবে ডুবে যাওয়া ওয়াগন উদ্ধারে কাজ চলছে বলে দাবি করেছেন তিনি।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী ধলঘাট স্টেশন মাস্টার অনুপম জাগো নিউজকে বলেন, ডুবে যাওয়া ওয়াগন থেকে জ্বালানি তেল বের করতে না পারায় উদ্ধার কাজ বন্ধ রয়েছে।
তিনি বলেন, দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা এসে ডুবে যাওয়া ওয়াগন পরিবর্তন করে তেলগুলো অন্য ওয়াগনে রাখবেন। এরপর খালি ওয়াগন উদ্ধারে কাজ শুরু হবে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বোয়ালখালীর বেঙ্গুরা ও পটিয়ার ধলঘাট এলাকার মাঝামাঝি রেলওয়ের ২৪নং সেতু ভেঙ্গে ইঞ্জিনসহ ৩টি তেলবাহী ওয়াগন খালে পড়ে যায়। এরমধ্যে ২টি ওয়াগন বোয়ালখালী খালে ডুবে যায়। দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
এমজেড/এমএস