চট্টগ্রামে ৭ ছিনতাইকারী আটক
চট্টগ্রামে সাত ছিনতাইকারীক আটক করেছে পুলিশ। শুক্রবার নগরীর লালখান বাজার জমিয়তুল ফালাহ মসজিদের গেইটে ছিনতাইয়ের পর তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। আটক সাত ছিনতাইকারী হলেন-রফিকুল ইসলাম(২২), মো. সাজ্জাদ হোসেন(২০), প্রিন্স শুভ দাশ (১৯), সেলিম হোসেন অপু(২২), মো. সবুজ (২২), নরুন্নবী হোসেন তুহিন(২১), মো. মঈনুদ্দিন রাজা(১৯)।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ভোরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি কুমিল্লা থেকে এসে নগরীর ওয়াসা মোড়ে বাস থেকে নামেন। সেখান থেকে রিকশাযোগে আগ্রাবাদে যাওয়ার পথে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম ফটকে ছিনতাইকারীরা তাকে ছুরি ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে।
এসময় ওই ব্যক্তির চিৎকার দিলে পুলিশের টহল দল এগিয়ে আসে। পরে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে রিকশাযাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়।
এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি ছুরি ও চাপাতিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসএইচএস/পিআর