টাঙ্গাইলে দরপত্র আহ্বান ছাড়াই এডিপির কাজ বরাদ্দ
টাঙ্গাইলের দেলদুয়ারে দরপত্র আহ্বান ছাড়াই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) ২৯ লাখ টাকার কাজ পাচ্ছেন উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যানের পছন্দের ঠিকাদাররা। এ নিয়ে উপজেলার তালিকাভুক্ত ঠিকাদারদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও চরম ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় (এডিপির) ২৯ লাখ টাকা বরাদ্দ আসে। এ বরাদ্দের বিপরীতে ১২টি প্রকল্প তৈরি করে উপজেলা প্রকৌশলী খ ম ফরহাদ হোসেইন ও উপজেলা চেয়ারম্যান এস.এম ফেরদৌস আহম্মেদ যোগসাজসে উল্লিখিত টাকা হাতিয়ে নেয়ার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।
ডুবাইল ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অনুমোদনের অনুরোধ জানান। যার ফলে সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদন দেন তিনি।
এর আগে উপজেলা প্রকৌশলী ও উপজেলা চেয়ারম্যান একই কায়দায় তাদের পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স টু ব্রাদার্সকে ৩টি প্রকল্পে ৯ লাখ টাকার কাজ দেন। এক্ষেত্রে উপজেলা প্রকৌশলী ওই ঠিকাদারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন বলেও গুঞ্জন রয়েছে। এমনকি এ প্রকৌশলীর দৈনন্দিনের খাবার ঠিকাদারের বাসা থেকে সরবরাহ করা হয় বলেও ঠিকাদারী মহলেও এর প্রচার ও অভিযোগ রয়েছে।
দরপত্র আহ্বান ছাড়াই ঠিকাদার নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী খ ম ফরহাদ হোসেইন বলেন, এডিপির ২৯ লাখ টাকার কাজ রিকোয়েস্ট ফর কোটেশন মেথড (জঋছগ) এর মাধ্যমে দেয়া হচ্ছে। তিনি আরো জানান, বিভিন্ন উপজেলায় দরপত্র আহ্বান ছাড়াই এভাবেই কাজ করানো হচ্ছে।
এসএস/আরআইপি