টঙ্গীতে কারখানায় নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে একটি পোশাক কারখানায় মো. আনোয়ার হোসেন (৩০) এক নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার বদরগঞ্জ থানার কুলা গ্রামের আবদুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন টঙ্গীর সাতাইশ রোড এলাকায় মণ্ডল গ্রুপের মণ্ডল কটন ফিল্ড পোশাক কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। তাকে এ কারখানার নিরাপত্তার জন্য রোভার্স সিটিউরিটি সার্ভিস নিয়োগ দেয়। রোববার সকাল ৮টা থেকে তিনি কারখানায় কাজে যোগ দেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আনোয়ারের মরদেহ ওই কারখানার দ্বিতীয় তলায় বাথরুমে পড়ে থাকতে দেখে শ্রমিকরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, ঘটনার আলামত দেখে মনে হচ্ছে নিরাপত্তা কর্মী আনোয়ারকে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাথরুমে ফেলে রাখা হয়েছে। নিহতের গলায় সাদা ফিতা ঝুলানো রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কারখানার নিরাপত্তা কর্মীদের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাটি কীভাবে ঘটল তা তাদের জানা নেই।
কারখানা কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা কর্মীদের নিয়োগ রোভার্স সিটিউরিটি সার্ভিস কোম্পানি দিয়ে থাকে। তাদের বেতনও ওই কোম্পানি দেয়।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি